প্রশ্ন উত্তর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
প্রশ্ন উত্তর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ৬ মার্চ, ২০১৬

খেলা দেখা : একটি প্রশ্নের উত্তর

মুফতি মুহাম্মাদ আব্দুল মালেক দা:বা:


আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযি নাসতফা আম্মা বাদ
►প্রশ্ন : আমি একজন সাধারণ মুসলিম। সকল গুনাহ ও গর্হিত কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করি। খেলাকে কেন্দ্র করে যেসব পাপাচার হয়ে থাকে তার কোনোটার সাথেই আমার সর্ম্পক নেই। এমনকি খেলাকে শুধু খেলা হিসেবেই বিবেচনা করি, এটাকে যিন্দেগীর মাকসাদ মনে করি না। এ অবস্থায় আমার জন্য খেলা দেখা জায়েয হবে কি?
►উত্তর : অন্তত পর্দাহীনতার গুনাহ ছাড়া বর্তমান যুগে খেলা দেখা কিভাবে সম্ভব? এরপরও যদি আপনার কথা মেনে নেওয়া হয়, তবুও এখন দুই কারণে কারো জন্য খেলা দেখা বৈধ নয়।
১. এতে সময়ের অপচয় হয়। আর সময়ের অপচয় করা গুনাহ। হাশরের ময়দানে যেসব প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কদম নড়ানো যাবে না তার একটি হল সময়। কোথায় কীভাবে তা ব্যয় হয়েছে-এ সম্পর্কে জবাব দিতে হবে। যদি দ্বীন বা দুনিয়ার কোনোও কল্যাণে তা ব্যয় না হয়ে থাকে তাহলে জবাব দেওয়া সম্ভব হবে না।
২. খেলা এখন যে পর্যায়ে পৌঁছেছে এবং এর সাথে যত পাপাচার ও বেহায়াপনা যুক্ত হয়েছে তাতে আল্লাহর কাছে দায়মুক্তির জন্য অবশ্যই কথা ও কাজে খেলার সাথে সর্বপ্রকার সম্পর্কহীনতা পরিষ্কারভাবে প্রকাশ করা আবশ্যক। যে কারো দল ভারি করে সে তাদের মধ্যেই গণ্য হয়।
তাই যারা আল্লাহকে ভয় করি, আখিরাতের ফিকির করি, আল্লাহর সামনে হাজির হওয়ার উপর ঈমান রাখি আমাদেরকে অবশ্যই এ খেলা দেখা থেকে বিরত থাকতে হবে।
আল্লাহ তাওফীক দান করুন। আমীন।
(সূত্র : মাসিক আল কাওসার, মার্চ-২০১১)

বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০১৬

প্রবাসীর স্ত্রী শ্বশুর কর্তৃক ধর্ষিতা হলে হুকুম কী?

প্রশ্ন
নাম প্রকাশে অনিচ্ছুক
যাদের স্বামী প্রবাসী বা বিয়ে করেই চলে যান কর্মস্থলে। পরিবারে মহিলা আর কেউ নেই বা থাকলে ফ অনেক সময় পুত্র বধুকে পড়তে হয় শাশুড়ের কুদৃষ্টিতে। একসময় স্ত্রীর ইচ্চা ছাড়াই জোরপূর্বক ধর্ষন করেন শাশুড় ।
নতুন বউ সংসার ও স্বামীর মান রক্ষার্থে কাউকে বলতে পারেন না সেই লজ্জার কথা
তাই চুপ করেই স্বামীর সংসারে থাকেন।।
এখন প্রশ্ন হলো এতে কি স্বামী স্ত্রীর সমর্ক ঠিক থাকবে?
না থাকলে কি করা উচিৎ তাদের? দালিল সহ জানাবেন!।

উত্তর
بسم الله الرحمن الريحم

ধর্ষিত হবার সাথে সাথেই পুত্রবধুর সাথে উক্ত পাপিষ্ট শ্বশুরের ছেলের বিবাহ বাতিল হয়ে যায়। তাই এরপর থেকে উক্ত মহিলার জন্য তার স্বামীর ঘর সংসার করা কোনভাবেই বৈধ নয়।
এসব সমস্যা এড়াতে স্বামীর অবর্তমানে শ্বশুরবাড়ী থাকবে না। বাপের বাড়ি বা অন্য কোন আত্মীয়র বাড়ী চলে যাবে। প্রয়োজনে স্বামীর সাথে অসৎ চরিত্র শ্বশুরটির বিষয় নিয়ে আলোচনা করে সমাধান করার চেষ্টা করবে।

কুরআন থেকে
وَلاَ تَنكِحُواْ مَا نَكَحَ آبَاؤُكُم مِّنَ النِّسَاء إِلاَّ مَا قَدْ سَلَفَ إِنَّهُ كَانَ فَاحِشَةً وَمَقْتًا وَسَاء سَبِيلاً
যে নারীকে তোমাদের পিতা-পিতামহ বিবাহ করেছে তোমরা তাদের বিবাহ করো না। কিন্তু যা বিগত হয়ে গেছে। এটা অশ্লীল, গযবের কাজ এবং নিকৃষ্ট আচরণ। {সূরা নিসা-২২}
নিকা তথা বিয়ের অর্থ দু’টি। যথা- ১- আকদ করা। ২- সহবাস করা।
আসলে মৌলিক অর্থ সহবাসই। কিন্তু যেহেতু আকদের মাধ্যমেই সহবাস জায়েজ হয়, তাই নিকাহ বলে আকদকেই সাধারণত বুঝানো হয়ে থাকে।
ইমাম রাজী রহঃ উক্ত আয়াতের অধীনে বিধান লিখতে গিয়ে লিখেন-
قَوْله تَعَالَى وَلا تَنْكِحُوا مَا نَكَحَ آباؤُكُمْ مِنَ النِّساءِ قَدْ أَوْجَبَ تَحْرِيمَ نِكَاحِ امْرَأَةٍ قَدْ وَطِئَهَا أَبُوهُ بِزِنًا أَوْ غَيْرِهِ إذْ كَانَ الِاسْمُ يَتَنَاوَلُهُ حَقِيقَةً فَوَجَبَ حَمْلُهُ عَلَيْهَا
অনুবাদ- আল্লাহ তাআলার বাণী “যে নারীকে তোমাদের পিতা-পিতামহ বিবাহ করেছে তোমরা তাদের বিবাহ করো না” আবশ্যক করছে ঐ মহিলাকে বিবাহ করা, যার সাথে তার পিতা সহবাস করেছে জিনার মাধ্যমে বা অন্যকোনভাবে। যেহেতু নিকাহ শব্দটির আসল অর্থ সহবাস। তাই আসল অর্থে এটিকে নিহিত করাই আবশ্যক। {আহকামুল কুরআন লিররাজী-২/১৩৬, সূরা নিসা-২২}
সাহাবায়ে কেরামের ফাতওয়ার আলোকে
নিচে উদ্ধৃত সাহাবায়ে কেরাম জিনাকে হুরমাতে মুসাহারাত হিসেবে স্বীকৃতি দিয়েছেন। যেমন-
১-  হযরত ইমরান বিন হুসাইন রাঃ। {আহকামুল কুরআন লিররাজী-২/১৩৭}
২-   হযরত উবাই বিন কা’ব রাঃ। {ইলাউস সুনান-১১/২০}
৩-  হযরত উমর রাঃ।
৪-   হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাঃ।
৫-  হযরত ইবনে আব্বাস রাঃ। [সহীহ কওল অনুপাতে]
৬-  জাবের বিন আব্দুল্লাহ রাঃ।
৭-   হযরত আয়শা রাঃ। {ফাতহুল কাদীর লিইবনে হুমাম]
তাবেয়ীগণের ফাতওয়া
নিচে উদ্ধৃত তাবেয়ীগণও একই ফাতওয়া প্রদান করতেন। যেমন-
১-  হযরত হাসান বসরী রহঃ।
২-   হযরত কাতাদা বিন দাআমা রহঃ।
৩-  সাঈদ বিন মুসাইয়িব রহঃ।
৪-   সুলাইমান বিন ইয়াসার রহঃ।
৫-  সালেম বিন আব্দুল্লাহ রহঃ।
৬-  মুজাহিদ রহঃ।
৭-   আতা রহঃ।
৮-  ইবরাহীম নাখয়ী রহঃ।
৯-  আমের রহঃ।
১০-  হাম্মাদ রহঃ।
এছাড়াও রয়েছেন ইমাম মুহাম্মদ রহঃ, ইমাম আবু ইউসুফ রহঃ, ইমাম যুফার রহঃ, ইমাম সুফিয়ান বিন সাঈদ সওরী রহঃ, ইমাম আওযায়ী রহঃ, জাবের বিন জায়েদ রহঃ, তাউস রহঃ, ইমাম ইসহাক রহঃ প্রমূখ মুহাদ্দিস ও ফক্বহগণ। {আহকামুল কুরআন লিলজাসসাস, উমদাতুল কারী, ফাতহুল কাদীর}
যুক্তির নিরিখে
হুরমাতে মুসাহারাতের মূল কারণ হল সহবাসকারীর অংশ হওয়া। যার সাথে সহবাস করা হয়, তার মাঝে সহবাসকারীর একটি অংশ থাকে। পিতা যদি কারো সাথে সহবাস করে, তাহলে উক্ত মহিলার মাঝে পিতার একটি অংশ চলে যায়, আর সন্তানও পিতার একটি অংশ। আর এক অংশ অন্য অংশকে বিবাহ করতে পারে না। এ কারণে পিতা যার সাথে সহবাস করবে, সন্তানের জন্য উক্ত মহিলা হারাম হয়ে যাবে।
তাহলে বুঝা গেল, হুরমাতের মূল কারণ হল অংশ হওয়া তথা বাচ্চা হওয়া। আর যেহেতু বাচ্চা হওয়াটি দেখা যায় না, এটি লুকায়িত বিষয়। তাই হুরমাতে মুসাহারাতের বাহ্যিক কারণ ধরা হয় বিবাহকে। তথা বিয়ের মাধ্যমে হুরমাতে মুসাহারাত সাব্যস্ত হয়ে যায়।
আর একথাতো পরিস্কার যে, বাচ্চা হওয়া হুরমতে মুসাহারাতের মূল কারণ হলেও তা লুকায়িত থাকায় বিয়েকে রাখা হয়েছে তার বাহ্যিক কারণ। তাহলে বিবাহ ছাড়াই যদি বাচ্চা হওয়ার কারণ পাওয়া যায়, তাহলে কেন হুরমাতে মুসাহারাত সাব্যস্ত হবে না? যেখানে দূরবর্তী কারণ বিবাহকে হুরমাতে মুসাহারাতের কারণ সাব্যস্ত করা হয়েছে, সেখানে নিশ্চিত ও মূল কারণ পাওয়া যাওয়া সত্বেও হুরমাত সাব্যস্ত না করার কি যৌক্তিকতা থাকতে পারে?
এ কারণেই যেহেতু পিতা ছেলের স্ত্রীর সাথে জিনা করেছে, এ কারণে উক্ত স্ত্রী ছেলের জন্য হারাম হয়ে গেছে।
শেষ কথা
আখেরাতের জীবনই অনন্ত জীবন। সেটিই আসল জীবন। তাই ৭০/৮০ বছরের অল্প ক’দিনের জীবনের টানে আখেরাতের অনন্ত জীবন বরবাদ করা কোন বুদ্ধিমানের কাজ হবে না। তাই যে পরিবারেই এ জঘন্য কাজটি সম্পাদিত হয়েছে উক্ত ছেলে যেন স্বীয় স্ত্রী থেকে পৃথক হয়ে যায়।
আর ইসলামী খেলাফত থাকলে উক্ত পাপিষ্ঠ নির্লজ্জ পিতাকে প্রকাশ্যে প্রস্তারাঘাত করে হত্যা করা হতো। এরকম জঘন্য কর্ম কোন মনুষত্বের কাজ নয়। পাপিষ্ঠ পিতাকে আল্লাহ তাআলার কাছে কায়মানোবাক্যে তওবা করার জন্য বলতে হবে।
আল্লাহ তাআলা আমাদের তার বিধান অনুপাতে জীবন যাপিত করার তৌফিক দান করুন।
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

গণতন্ত্র ও ইসলামী খিলাফত সম্পর্কে কয়েকটি প্রশ্নোত্তর

প্রশ্ন
From: aslamuddin
Subject: গনতন্ত্র
Country : Bangladesh
Mobile :
Message Body:
গনতন্ত্র সম্পর্কে জানতে চাই।
ক. গনতন্ত্র কি?
খ. গনতন্ত্র সম্পর্কে শরীয়তের বিধান কি?
গ. যারা গনতন্ত্র প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে তাদের ব্যাপারে ইসলাম কি বলে?
ঘ. গনতন্ত্রের মাধ্যমে কি ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব?
ঙ. গনতন্ত্র এবং শুরা কি একই? পার্থক্য থাকলে তা কি?

জবাব
بسم الله الرحمن الرحيم
ক-গণতন্ত্র কি?
গণতন্ত্র শব্দটি গ্রীক শব্দ। democracy (ডেমোক্রেসি) এর অনুবাদ। পরিভাষায় গণতন্ত্র বলা হয়-জনসাধারণের প্রতিনিধি দ্বারা সাম্যের নীতি অনুসারে রাষ্ট্রশাসন করা। গণনতান্ত্রিক সরকার বলা হয় কোন শ্রেণী, গোষ্ঠী বা ব্যক্তিবিশেষ কর্তৃক শাসনের পরিবর্তে রাষ্ট্রের সকল নাগরিকের নিয়ন্ত্রণাধীন পরিচালিত সরকারকে।
খৃষ্টপূর্ব ৫০ ও ৪র্থ শতকে গ্রীক নগর রাষ্ট্রগুলোতে সর্বপ্রথম গণতন্ত্রের উন্মেষ ঘটে। রোমান প্রজাতন্ত্রে জন প্রতিনিধিত্ব নীতির উদ্ভব হয়। শাসিত ও শাসকের মধ্যে চুক্তি বিদ্যমান থাকার নীতি মধ্যযুগে উদ্ভুত। পিউরিট্যান বিপ্লব, মার্কিন স্বাধীনতা ও ফরাসী বিপ্লবের প্রভাবে আধুনিক গণতন্ত্রের প্রসার ঘটে। জন লক, জে জে রূশো, ও টমাশ জেফারসন গণতন্ত্রবাদের প্রভাবশালী তাত্ত্বিক ছিলেন। প্রথমে রাজনৈতিক ও পরে আইন সম্পর্কীয় সমান অধিকারের দাবী উত্থাপনের ফলে গণতন্ত্র বর্ধিত হয়। পরবর্তীকালে সামাজিক ও অর্থনৈতিক সাম্যের দাবিও গণতন্ত্র সম্প্রসারণের সহায়ক হয়। প্রতিযোগিতাশীল রাজনৈতিক দলসমূহের অস্তিত্বের উপর আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র বিশেষভাবে নির্ভরশীল। কারণ প্রচালিত গণতন্ত্রে জনগণ কর্তৃক প্রতিনিধি নির্ধারণের জন্য নির্বাচন আবশ্যক, আর নির্বাচনের জন্য প্রতিযোগিতাশীল রাজনৈতিক দলসমূহের অস্তিত্ব আবশ্যক। গণতান্ত্রিকগণ মনে করেন একমাত্র রাজনৈতিক গণতন্ত্রের মাধ্যমেই জনগণের সুযোগ সুবিধার সাম্য রক্ষা সম্ভব। পক্ষান্তরে সমাজতান্ত্রিকদের অভিমত হল অর্থনৈতিক গণতন্ত্রই একমাত্র ভিত্তি। যার উপর সত্যিকার রাজনৈতিক গণতন্ত্রের সৌধ নির্মাণ করা যেতে পারে।
ইসলামী রাজ্য শাসন পদ্ধতি
ইসলামে রাজ্য শাসন পদ্ধতি কি হবে তা নির্দিষ্ট। তা হল কুরআন-সুন্নাহর ভিত্তিতে রাজ্য পরিচালনা পদ্ধতি তথা ইসলামী খিলাফত পদ্ধতি। তবে সরকার প্রধান নির্বাচনের পদ্ধতির ক্ষেত্রে বাহ্যতঃ ইসলামে কয়েকটি পদ্ধতি পরিদৃষ্ট হয়। যথা-
১
পূর্ববর্তী খলীফা কর্তৃক পরবর্তী খলীফার মনোনয়ন। যেমন হযরত আবু বকর সিদ্দীক রাঃ তার পরবর্তী খলীফা হিসেবে হযরত ওমর রাঃ কে মনোনীত করে যান। উম্মতের সর্বসম্মত মতে এটা জায়েজ। তবে হযরত আবু বকর সিদ্দীক রাঃ বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে পরামর্শক্রমে এটা করেছিলেন।
এক্ষেত্রে মনোনয়নকৃত পরবর্তী খলীফা যদি মনোনয়নদানকারী খলীফার পুত্র হন, তাহলে প্রচলিত রাজতন্ত্রের সংজ্ঞা অনুযায়ী সেটা রাজতন্ত্র আখ্যায়িত হবে, কেননা সেটা বংশানুক্রমিক রাষ্ট্রপ্রদান শাসিত রাষ্ট্র বলে ধর্তব্য হয়। তবে অধিকাংশ ওলামায়ে কিরামের মতে ইসলামে এর অবকাশ আছে। অবশ্য কেউ কেউ বলেছেন-এটা যথাযথ কর্তৃপক্ষের সাথে পরামর্শক্রমে হতে হবে। যেমন হযরত মুয়াবিয়া রাঃ তার পুত্র ইয়াযীদকে পরামর্শক্রমে মনোনয়ন দিয়ে যান। আর সাহাবাগণ কর্তৃক এই মনোনয়নের বিরোধিতা করা হয়নি। এতে এ পদ্ধতির ব্যাপারে সাহাবায়ে কিরামরে মৌন ইজমা [ঐক্যমত্য] প্রতিষ্ঠিত হয়ে যায়। হযরত আব্দুল্লাহ বিন যুবায়ের ও হযরত হুসাইন রাঃ ইয়াযীদের বিরোধিতা এ কারণে করেন নি যে, ইয়াযিদ রাজতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়েছেন। তাঁরা কখনো একথা বলেন নি যে, ইয়াযীদের মনোনয়ন শুদ্ধ নয়। বরং তারা বিরোধিতা করেছেন অন্য কারণে।
২–
খলীফা তার পরবর্তী খলীফা নির্বাচনের জন্য বিশেষ জনপ্রতিনিধিদের সমন্বয়ে একটি বোর্ড গঠন করে দিয়ে যেতে পারেন, যেমন হযরত ওমর রাঃ তাঁর পরবর্তী খলীফা নির্বাচনের জন্য ছয় সদস্য বিশিষ্ট একটি বোর্ড গঠন করে দিয়ে যান।
৩
খলীফা তাঁর পরবর্তী খলীফা নির্বাচনের রাষ্ট্রপ্রধান নির্বাচনের বিষয়টি জনগণের উপর ছেড়ে দিয়ে যাবেন। তারপর জনগণই তাদের খলীফা নির্বাচিত করবে। যেমন হযরত উসমান রাঃ তাঁর পরবর্তী খলীফা নির্বাচনের বিষয়টি পরবর্তীদের উপর ছেড়ে দিয়ে যান। পরে বিশিষ্ট ব্যক্তিদের পরামর্শক্রমে হযরত আলী রাঃ কে খলীফা হিসেবে নির্বাচিত করা হয়।
গণতন্ত্র ও ইসলামী খেলাফতের মৌলিক পার্থক্য
১
গণতন্ত্র পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা মানে হল-মানুষের প্রতিনিধি হিসেবে রাষ্ট্র পরিচালনা করা। আর খেলাফতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা মানে হল আল্লাহর প্রতিনিধি হিসেবে রাষ্ট্র পরিচালনা করা।
২
গণতন্ত্র প্রতিষ্ঠা মানে হল মানুষের সৃষ্ট মতবাদ প্রতিষ্ঠা। আর খেলাফত প্রতিষ্ঠা মানে হল আল্লাহর নির্ধারিত মতবাদ প্রতিষ্ঠা।
৩
গণতন্ত্রের মূল থিউরী হল মানুষকে সন্তুষ্ট করা যেভাবেই হোক। আর ইসলামী খিলাফতের মূল উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জনসেবা করা আল্লাহর নির্ধারিত বিধান অনুপাতে।
খ, গ-ইসলামের দৃষ্টিতে গণতন্ত্র
প্রচলিত গণতন্ত্রে রাষ্ট্র প্রধান নির্বাচনের পদ্ধতি মাত্র একটাই। সেটা হল সাধারণ নির্বাচন। পক্ষান্তরে ইসলামী খেলাফত পদ্ধতিতে রাষ্ট্র প্রধান নির্বাচনেরর পদ্ধতি বহুবিধ।
প্রচলিত গণতন্ত্রে রাষ্ট্রের ছোট-বড়, যোগ্য-অযোগ্য, বুদ্ধিমান-নির্বোধ নির্বিশেষে সকলের রায় বা মতামত (ভোট) সমানভাবে মূল্যায়িত হয়ে থাকে। কিন্তু রাসূল সাঃ, খোলাফায়ে রাশেদা ও আদর্শ যুগের কর্মপন্থা পর্যালোচনা করলে দেখা যায় ইসলাম মতামত গ্রহণের ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে যথাযথ কর্তৃত্ব সম্পন্ন যোগ্য কর্তৃপক্ষ এর মতামতের মূল্যায়ন করে থাকে। ঢালাওভাবে সকলের মত গ্রহণ ও সকলের মতামতের সমান মূল্যায়ন দ্বারা সঠিক সিদ্ধান্তে পৌঁছার বিষয়টি ক্ষতিগ্রস্ত হতে পারে। কুরআনের একটি আয়াত এদিকে ইংগিত পাওয়া যায়। আয়াতটি হল-
وَإِن تُطِعْ أَكْثَرَ مَن فِي الأَرْضِ يُضِلُّوكَ عَن سَبِيلِ اللَّهِ إِن يَتَّبِعُونَ إِلاَّ الظَّنَّ وَإِنْ هُمْ إِلاَّ يَخْرُصُونَ (116
অর্থাৎ যদি তুমি পৃথিবীর অধিকাংশ লোকের কথামত চল, তবে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দিবে। {সূরা আন’আম-১১৬}

প্রচলিত গণতন্ত্রে জনগণকে সকল ক্ষমতার উৎস মানা হয়। জনগণকে আইনের উৎস মানা ঈমান পরিপন্থী। কেননা, ইসলামী আক্বিদা বিশ্বাসে আল্লাহকেই সর্বময় ক্ষমতার উৎস স্বীকার করা হয়। কুরআনে পাকে ইরশাদ হয়েছে-
قُلْ مَن بِيَدِهِ مَلَكُوتُ كُلِّ شَيْءٍ
অর্থাৎ তুমি বল সমস্ত কিছুর কর্তৃত্ব [সর্বময় ক্ষমতা] কার হাতে? {সুরা মু’মিনুন-৮৮}
قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَن تَشَاء وَتَنزِعُ الْمُلْكَ مِمَّن تَشَاء وَتُعِزُّ مَن تَشَاء وَتُذِلُّ مَن تَشَاء بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَىَ كُلِّ شَيْءٍ قَدِيرٌ (26
অর্থাৎ তুমি বল-হে সর্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ! তুমি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান কর, এবং যার নিকট থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নাও। যাকে ইচ্ছা সম্মান দান কর। যাকে ইচ্ছে পদদলিত কর। সব কিছুই তোমার হাতে। নিশ্চয় তুমি সর্ব বিষয়ে ক্ষমতাবান। {সুরা আলে ইমরান-২৬}
إِنِ الْحُكْمُ إِلاَّ لِلّهِ
অর্থাৎ কর্তৃত্বতো আল্লাহরই। {সূরা আনআম-৫৭}
وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُوْلَئِكَ هُمُ الْكَافِرُونَ (44
অর্থাৎ আল্লাহ যা অবতীর্ণ করেছেন সে অনুযায়ী যারা বিধান দেয়না তারা হল কাফের। {সূরা মায়িদা-৪৪}

وَمَن لَّمْ يَحْكُم بِمَا أنزَلَ اللَّهُ فَأُوْلَئِكَ هُمُ الظَّالِمُونَ (45
অর্থাৎ আল্লাহ যা অবতীর্ণ করেছেন সে অনুযায়ী যারা বিধান দেয়না তারা হল জালেম। {সূরা মায়িদা-৪৫}
وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُوْلَئِكَ هُمُ الْفَاسِقُونَ (47
অর্থাৎ আল্লাহ যা অবতীর্ণ করেছেন সে অনুযায়ী যারা বিধান দেয়না তারা হল ফাসেক। {সূরা মায়িদা-৪৪}
أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ يَزْعُمُونَ أَنَّهُمْ آمَنُواْ بِمَا أُنزِلَ إِلَيْكَ وَمَا أُنزِلَ مِن قَبْلِكَ يُرِيدُونَ أَن يَتَحَاكَمُواْ إِلَى الطَّاغُوتِ وَقَدْ أُمِرُواْ أَن يَكْفُرُواْ بِهِ وَيُرِيدُ الشَّيْطَانُ أَن يُضِلَّهُمْ ضَلاَلاً بَعِيدًا (60
অর্থাৎ তুমি তাদেরকে দেখনি যারা দাবি করে যে, তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং তোমার পূর্বে যা অবতীর্ণ হয়েছে তাতে তারা ঈমান এনেছে, অথচ তারা তাগুতের কাছে বিচারপ্রার্থী হতে চায়, যদিও তাদেরকে তা প্রত্যাখ্যান করার নির্দেশ দেয়া হয়েছে {সূরা নিসা-৪}
সুতরাং গণতন্ত্র, সমাজতন্ত্র ইত্যাদীকে মুক্তির পথ মনে করা এবং একথা বলা যে, ইসলাম সেকেলে মতবাদ, এর দ্বারা বিজ্ঞানের চরম উৎকর্ষের যুগে উন্নতি অগ্রগতি সম্ভব নয় এটা কুফরী। এসব প্রতিষ্ঠার জন্য চেষ্টা ফিকির করা জায়েজ নয়।
ঘ-গণতন্ত্র দ্বারা কি ইসলাম প্রতিষ্ঠা সম্ভব?
আল্লাহর দেয়া নির্ধারিত পথ খিলাফত প্রতিষ্ঠা ছাড়া মানুষের গড়া মতবাদ গণতন্ত্র দিয়ে কখনোই ইসলাম প্রতিষ্ঠা সম্ভব হতে পারে না। তবে কিছুটা কল্যাণধর্মী কাজ করা যেতে পারে। কিন্তু পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয়।
ঙ. গণতন্ত্র এবং শুরা কি একই? পার্থক্য থাকলে তা কি?
ইসলামে শুরা কাকে বলে? শুরা হল-পরামর্শ করা। তথা কোন গুরুত্বপূর্ণ বিষয়ে সমাধানের জন্য উক্ত বিষয়ে বিজ্ঞ ও পরহেযগার ব্যক্তিদের সাথে পরামর্শ করে সীদ্ধান্ত গ্রহণকে বলা হয় শুরা পদ্ধতি। আর গণতন্ত্র হল জ্ঞানী-মুর্খ, বোকা-বুদ্ধিমান সকল প্রকার মানুষের মতকে গ্রহণ করে আধিক্যের উপর ফায়সালা করা। চাই বোকার দল বেশি হওয়ার কারণে সীদ্ধান্তটি ভুল হোক, বা সঠিক হোক।
পক্ষান্তরে শুরা পদ্ধতির মূল থিউরীই যেহেতু জ্ঞানী, গুনীদের পরামর্শক্রমে সীদ্ধান্ত গ্রহণ। সুতরাং শুরা পদ্ধতি ও গণতন্ত্রের মাঝে মৌলিক পার্থক্য হল-শুরা হল কেবল জ্ঞানীদের মতামতের উপর সীদ্ধান্ত গ্রহণ, আর গণতন্ত্র হল-জ্ঞানী-মুর্খ, বোকা-বুদ্ধিমান সকল প্রকার মানুষের মতামত আধিক্যতার ভিত্তিতে গ্রহণ।
একটি জরুরী জ্ঞাতব্য
বর্তমান বাংলাদেশে যেহেতু গণতান্ত্রিক পদ্ধতি ছাড়া ক্ষমতা গ্রহণ প্রায় অসম্ভব। তাই মন্দের সয়লাব রুখতে প্রয়োজনে গণতন্ত্রের মাধ্যমে নির্বাচন করা জায়েজ আছে “তীব্র প্রয়োজন হারামকে হালাল করে দেয়” মূলনীতির ভিত্তিতে। কিন্তু মূল প্রেরণা থাকবে খেলাফত প্রতিষ্ঠা। কিন্তু পরিবেশের কারণে একদম ধর্মদ্রোহীদের হাতে ক্ষমতা চলে যাওয়ার আশংকা থাকার দরূন গণতন্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করা বর্তমানে জায়েজ। তবে অযোগ্য ব্যক্তিকে ভোট দেয়া সম্পূর্ণ হারাম।
নির্বাচন ও ভোট বিষয়ে শরয়ী দৃষ্টিকোণ বিস্তারিত জানতে পড়ুন-

দারুল ইসলাম, দারুল হরব কাকে বলে? বাংলাদেশ, পাকিস্তান কি দারুল ইসলাম? ভারত কি দারুল হরব?

প্রশ্ন
দারুল ইসলাম, দারুল হরব কাকে বলে? বাংলাদেশ, পাকিস্তান কি দারুল ইসলাম? ভারত কি দারুল হরব? বিস্তারিত দলীলের আলোকে জানালে ভাল হয়।
প্রশ্নকর্তা- আহমদুল্লাহ।
ঢাকা, বাংলাদেশ
উত্তর
بسم الله الرحمن الرحيم
দারুল ইসলাম কাকে বলে?
এ বিষয়টি সম্পর্কে ভালভাবে জানতে হলে প্রথমেই আমাদের রাসূল সাঃ এর জমানাটি সামনে রাখতে হবে।
রাসূল সাঃ এর জমানায় মৌলিকভাবে তিনটি এলাকা ছিল। যথা-
১-মক্কা।
২-মদীনা।
৩-হাবশা বা আবিসিনিয়া।
মক্কার হালাত
মক্কার হালাত আমাদের কাছে স্পষ্ট। এখানে মুসলমানদের সামান্যতম স্বাধীনতা ছিল না। প্রকাশ্যে ইসলামের কোন বিধান পালনের সুযোগ ছিল না। তাই এটি দারুল হরব।
মদীনার হালাত
মদীনায় সর্ব প্রকার ইসলামী বিধান পালনের পরিবেশ ছিল। যদিও সেখানে বিধর্মী বেশ কিছু লোক ছিল। কিন্তু তারা সবাই মুসলমানদের অনুগত ছিল। মুসলমানদের সাথে বিদ্রোহ করার মত ক্ষমতা তাদের ছিল না। সুতরাং সুনিশ্চিতভাবে তা ছিল দারুল ইসলাম।
হাবশার হালাত
খৃষ্টান বাদশা নাজ্জাশীর শাসনাধীন হাবশা তথা আবিসিনিয়া ছিল দারুল আমান। আবিসিনিয়া যদিও খৃষ্টান বাদশার শাসনাধীন, কিন্তু সেখানে মুসলমানরা হিজরত করে স্বাধীনভাবে স্বীয় ধর্ম পালন করতে পারতো। তাদের ধর্ম পালনে কোন বাঁধা দেয়া হতো না। সেই সাথে স্বীয় ধর্ম প্রচারেও কোন বাঁধা ছিল না। তবে ইসলামী শরীয়তের নির্দিষ্ট শাস্তির বিধান প্রয়োগ করার সুযোগ ছিল না।
সুতরাং আবিসিনিয়া ছিল দারুল আমান। দারুল ইসলাম ও নয়, আবার দারুল হরবও নয়।
এবার আমরা খুব সহজেই বুঝে নিতে পারবো যে, স্বাভাবিকভাবে সমগ্র পৃথিবীতে দার তথা রাষ্ট্র তিন প্রকার। যথা-
১-দারুল ইসলাম।
২-দারুল হরব।
৩-দারুল আমান।
দারুল ইসলাম ও দারুল হরব কাকে বলে?
দারুল ইসলাম ও দারুল হরবের সংজ্ঞার ক্ষেত্রে বেশ কিছু সংজ্ঞা ফুক্বাহায়ে কেরাম করেছেন। কিছু মতভিন্নতাসহ প্রায় সকলের সংজ্ঞাই কাছাকাছি পর্যায়ের।
ইমাম আবু হানীফা রহঃ দারুল ইসলাম ও দারুল হরবের সংজ্ঞা করতে গিয়ে লিখেছেনঃ
قَوْلِ أَبِي حَنِيفَةَ – رَحِمَهُ اللَّهُ – أَنَّ الْمَقْصُودَ مِنْ إضَافَةِ الدَّارِ إلَى الْإِسْلَامِ وَالْكُفْرِ لَيْسَ هُوَ عَيْنَ الْإِسْلَامِ وَالْكُفْرِ، وَإِنَّمَا الْمَقْصُودُ هُوَ الْأَمْنُ وَالْخَوْفُ.
وَمَعْنَاهُ أَنَّ الْأَمَانَ إنْ كَانَ لِلْمُسْلِمِينَ فِيهَا عَلَى الْإِطْلَاقِ، وَالْخَوْفُ لِلْكَفَرَةِ عَلَى الْإِطْلَاقِ، فَهِيَ دَارُ الْإِسْلَامِ، وَإِنْ كَانَ الْأَمَانُ فِيهَا لِلْكَفَرَةِ عَلَى الْإِطْلَاقِ، وَالْخَوْفُ لِلْمُسْلِمِينَ عَلَى الْإِطْلَاقِ، فَهِيَ دَارُ الْكُفْرِ
ইমাম আবু হানীফা রহঃ এর বক্তব্য অনুপাতে দারুল ইসলাম ও দারুল হরবের প্রতি নিসবতের মূল উদ্দেশ্য তা পরিপূর্ণ ইসলামও পরিপূর্ণ কুফর হওয়া নয়। বরং উদ্দেশ্য হল নিরাপত্তা ও ভয় বিষয়ে। অর্থাৎ যদি সর্বদিক থেকে নিরাপত্তা থাকে মুসলমানদের আর স্বাভাবিকভাবে আতংকিত থাকে কুফরী শক্তি, তাহলে সেটি দারুল ইসলাম।
পক্ষান্তরে সর্বদিক থেকে নিরাপদ থাকে কুফরী শক্তি আর ভীত থাকে মুসলিমগণ, তাহলে উক্ত রাষ্ট্র দারুল কুফর বা দারুল হরব। {বাদায়েউস সানায়ে-৭/১৩১}
আর ইমাম আবু ইউসুফ রহঃ এবং ইমাম মুহাম্মদ রহঃ দারুল ইসলাম ও দারুল কুফরের সংজ্ঞা করতে গিয়ে লিখেছেনঃ
وَقَالَ أَبُو يُوسُفَ وَمُحَمَّدٌ – رَحِمَهُمَا اللَّهُ: إنَّهَا تَصِيرُ دَارَ الْكُفْرِ بِظُهُورِ أَحْكَامِ الْكُفْرِ فِيهَا.
(وَجْهُ) قَوْلِهِمَا أَنَّ قَوْلَنَا دَارُ الْإِسْلَامِ وَدَارُ الْكُفْرِ إضَافَةُ دَارٍ إلَى الْإِسْلَامِ وَإِلَى الْكُفْرِ، وَإِنَّمَا تُضَافُ الدَّارُ إلَى الْإِسْلَامِ أَوْ إلَى الْكُفْرِ لِظُهُورِ الْإِسْلَامِ أَوْ الْكُفْرِ فِيهَا،
ইমাম আবু ইউসুফ রহঃ ও ইমাম মুহাম্মদ রহঃ বলেন, দারুল হরব সাব্যস্ত হবে তাতে কুফরী বিধান প্রয়োগ হওয়া হিসেবে।
সাহাবাইনের বক্তব্যের সারমর্ম হল, দারুল ইসলাম ও দারুল কুফরের নিসবতের মৌলিকত্ব হল ইসলাম ও কুফরের দিকে নিসবত সংক্রান্ত। অর্থাৎ দারুল ইসলাম বলা হবে যাতে ইসলামী বিধান প্রয়োগ করা হয়, আর দারুল কুফর বলা হবে যাতে কুফরী বিধান প্রয়োগ হয়। {বাদায়েউস সানায়ে-৭/১৩১}
ইমাম আবু ইউসুফ রহঃ ও ইমাম মুহাম্মদ রহঃ এর বক্তব্য মানলে সারা পৃথিবীতে কোথাও দারুল ইসলাম পাওয়া সম্ভব নয়। কারণ ইসলামের সকল বিধান প্রয়োগ হয়, এমন কোন রাষ্ট্র অস্তিত্বে আসা এখন অনেক কঠিন হয়ে গেছে। বাকি অধিকাংশ বিধান প্রয়োগ করা সম্ভব। সেই হিসেবে ইমাম আবু হানীফা রহঃ এর সংজ্ঞাটিই সবচে’সহজতর এবং গ্রহণযোগ্য বলে মত দিয়েছেন বিজ্ঞ উলামায়ে কেরাম।
অর্থাৎ দারুল ইসলাম ঐ রাষ্ট্রকে বলবে, যার অধিকাংশ অধিবাসী মুসলমান, সেখানে মুসলমানদের আধিপত্ব রয়েছে পূর্ণাঙ্গ। কাফেরদের আধিপত্ব কম ইসলামের শাস্তি বিধানও প্রয়োগ করতে সক্ষম। তবে সকল বিধান প্রয়োগ করতে পারে না বিভিন্ন কারণে। এরকম রাষ্ট্রকেও বলা হবে দারুল ইসলাম।
যেমন সৌদি আরব। আফগানিস্তান ছিল দারুল ইসলামের একটি প্রকৃত চিত্র। যখন মোল্লা উমরের নেতৃত্বে ইসলামী খিলাফত প্রতিষ্ঠা লাভ করেছিল। কিন্তু পরবর্তী কুফরী শক্তির সম্মিলিত প্রচেষ্টায় তা আজ বিলীন হয়ে গেছে।
আর দারুল হরব বা দারুল কুফর হল ঐ সকল রাষ্ট্র, যেখানে মুসলমানদের বসবাস খুবই কম তথা মুসলমানগণ সংখ্যালঘু। সেই সাথে ইসলামের বিধান পালনে স্বাধীন নয়। নানাভিদ বাঁধা এবং বিপদের মাঝে দিন গোজরান হয় মুসলমানদের। কুফরী শক্তি সেখানে প্রবল এবং শাসক। তাহলে উক্ত রাষ্ট্রের নাম হবে দারুল হরব বা দারুল কুফর। যেমন বর্তমানে ইজরাঈল।
দারুল আমান কাকে বলে?
যে সকল রাষ্ট্রে মুসলিমগণ স্বাভাবিকভাবে স্বীয় ধর্ম পালনে সক্ষম। চাই তারা সংখ্যাগরিষ্ট হোক বা সংখ্যালঘিষ্ট। কিন্তু ইসলামের শাস্তির বিধান প্রয়োগ করতে সক্ষম নয়। তবে দ্বীন প্রচার ও পালনে স্বাধীন। অন্যান্য ধর্মাবলম্বীরাও স্বীয় ধর্ম পালনে স্বাধীন। কোন ধর্ম পালনেই রাষ্ট্র পক্ষ থেকে কোন বিধি-নিষেধ নেই। তবে ইসলামী আইন উক্ত রাষ্ট্রে প্রচলিত নয়। আইন চলে মানবরচিত আইন বা কুফরী আইন। তাহলে উক্ত রাষ্ট্রের নাম হবে দারুল আমান। যেমন রাসূল সাঃ এর যুগে ছিল খৃষ্টান বাদশা নাজ্জাশীর দেশ আবিসিনিয়া।
বর্তমানে পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রই দারুল আমান। এমনকি আমেরিকা ইউরোপের রাষ্ট্রগুলোও। কারণ সেখানে সকল ধর্মাবলম্বীরাই স্বীয় ধর্ম পালনে ও প্রচারে স্বাধীন। রাষ্ট্র পক্ষ থেকে কোন প্রকার বিধি-নিষেধ নেই। যদিও সরকারী আইন ইসলামী নয়।
এ হিসেবে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ অধিকাংশ রাষ্ট্রই দারুল আমানের অন্তর্ভূক্ত।
বাকি আল্লাহ তাআলাই ভাল জানেন।
দারুল ইসলামের হুকুম
১-   দারুল ইসলামে ইসলামী শরীয়তের যাবতীয় ব্যক্তিগত ও রাষ্ট্রীয় বিধান কার্যকর করা হবে।
২-   দারুল হরব থেকে যারা হিজরত করে আসবে তাদের জন্য বাসস্থানের ব্যবস্থাকরণ।
৩-   দারুল হরবে আটকে যাওয়া মজলুম মুসলমানদের জন্য সহযোগিতা করা।
৪-   জিহাদ এবং ইসলামী রাষ্ট্রের পরিধি বৃদ্ধির প্রচেষ্টাকরণ।
দারুল হরবের বিধান
১-   এখানে ইসলামী শরীয়তের শাস্তি বিধান কার্যকর হবে না।
২-   দারুল হরবে যদি দুই মুসলমানের মাঝেও কোন বিবাদ হয়ে যায়, তাহলে এর সমাধান দারুল ইসলামের বিচারক করবে না।
৩-   দারুল হরবের বাসিন্দার কাছে অস্ত্র বিক্রি জায়েজ নয়।
৪-   দারুল হরবের কোন বাসিন্দাকে দারুল ইসলামে এক বছরের চেয়ে বেশি সময়ের জন্য অবস্থানের জন্য অনুমতি দেয়া হবে না। তবে যদি দারুল হরবের বাসিন্দা দারুল ইসলামে অভিবাসী হওয়ার আবেদন করে থাকে তবে ভিন্ন কথা। নিরাপদ ব্যক্তি মনে হলে অনুমতি দেয়া যাবে।
৫-   দারুল ইসলাম থেকে দারুল হরবে এমন কোন তথ্য বা সম্পদ রপ্তানী করা যাবে না, যার দ্বারা দারুল হরবের রাষ্ট্রের শক্তি বৃদ্ধি পায়। চাই তা টেকনোলজী বিষয়ক বা খনিজ সম্পদ হোক বা অন্য কিছু।
৬-   দারুল হরবের বাসিন্দাদের উপর আবশ্যক হল, তারা সে দেশ থেকে হিজরত করে নিরাপদ দেশে চলে যাবে।
৭-   দারুল হরবের আহলে কিতাব তথা ইহুদী খৃষ্টান মেয়ের সাথে বিবাহ করা মাকরূহ।
৮-   মুসলিম স্বামী স্ত্রীর মাঝে যদি একজন দারুল ইসলাম ছেড়ে দারুল হরবে চলে যায়, এবং সেখানেই বসবাসের সিদ্ধান্ত নিয়ে নেয়, তাহলে স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন হয়ে যাবে।
৯-   দারুল হরবের মাঝে যদি কাফের স্বামী স্ত্রীর মাঝে একজন মুসলমান হয়ে যায়, তাহলে দারুল ইসলামের মত অপরজনের কাছে ইসলাম পেশ করার দরকার নেই। এমনিতেই ইদ্দত শেষ হয়ে গেলে স্বামী স্ত্রী আলাদা হয়ে যাবে। কিন্তু দারুল ইসলামে এমনটি হলে অপরজনের কাছে ইসলাম পেশ করা হবে, যদি অপরজন ইসলাম গ্রহণ করে নেয়, তাহলে বিবাহ বহাল থাকবে, গ্রহণ না করলে বিবাহ ভেঙ্গে যাবে।
১০-  ভিসা নিয়ে দারুল ইসলাম থেকে যদি কোন মুসলিম দারুল হরবে ব্যবসা করতে যায়, তাহলে তার জন্য ইসলামী ব্যবসা নীতি পরিপূর্ণ রক্ষা করা জরুরী নয়। তবে ধোঁকা ও প্রতারণা করা করা যাবে না।
১১-  বুনিয়াদী ও মূলনীতিগতভাবে দারুল হরবের বাসিন্দার জান-মাল অরক্ষিত বলে সাব্যস্ত হবে। যদিও সে মুসলমান হোক না কেন। অর্থাৎ কোন কারণে মুসলমান কর্তৃক দারুল হরবের কেউ মারা গেলে এর রক্তপণ দেয়া মুসলমানের উপর আবশ্যক হবে না ইসলামী বিধান অনুপাতে।
১২-  দারুল হরবে বসবাসকারী মুসলমানের জন্য অনেক বিধান সম্পর্কে অজ্ঞতা উজর বলে সাব্যস্ত হবে, যা দারুল ইসলামের বাসিন্দার জন্য প্রযোজ্য নয়। যেমন হজ্ব করা ফরজ একথা যদি দারুল হরবের মুসলিম বাসিন্দা না জানে, তাহলে হজ্ব আদায় না করার গোনাহ তার হবে না। কিন্তু দারুল ইসলামের বাসিন্দা না জানার কারণেও গোনাহগার হবে। কারণ তার জন্য আবশ্যক দ্বীনের আবশ্যকীয় বিষয়গুলো জেনে নেয়া।
১৩-  দারুল ইসলামে থাকা ব্যক্তির জন্য দারুল হরবে অবস্থানকারী আত্মীয়ের খোরপোষ দেয়া আবশ্যক নয়।
১৪-  দারুল ইসলামের কেউ দারুল হরবের কারো জন্য ওসিয়ত করলে তা কার্যকর হবে না।
১৫-  দারুল ইসলামের কোন বাসিন্দার জন্য দারুল হরবের বাসিন্দার জন্য কোন কিছু ওয়াকফ করলে তা কার্যকর হবে না।
১৬-  দারুল হরবের কেউ দারুল ইসলামের বাসিন্দা কারো থেকে মিরাস তথা উত্তারাধিকার সম্পত্তি পাবে না।
উল্লেখিত বিধানের সারমর্ম হল-
১-   দারুল হরবের বিধান দারুল ইসলামের সম্পূর্ণ বিপরীত।
২-   দারুল হরবের বাসিন্দারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র, যুদ্ধে লিপ্ত, তাই তাদের জান-মালের ক্ষতি সাধন করা মৌলিকভাবে জায়েজ।
৩-   যেহেতু দারুল হরবের মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা নেই, তাই তাদের জন্য দ্বীনের অনেক বিষয় সম্পর্কে জানা সম্ভপর হয়ে উঠবে না। তাই তাদের জন্য না জানা উজর বলে সাব্যস্ত হবে। কিন্তু দারুল ইসলামের ক্ষেত্রে তা উজর বলে সাব্যস্ত হবে না।
দারুল আমানের বিধান
দারুল আমান সরাসরি যেমন দারুল ইসলাম নয়। আবার ইসলাম বিদ্বেষী দারুল হরবও নয়। তাই এতে পরিপূর্ণভাবে ইসলামী বিধান যেমন প্রয়োগ করা যাবে না, ঠিক তেমনি দারুল হরবের কঠোরতাও এর মাঝে নেই। কারণ দারুল আমানে মুসলমানরা তাদের ধর্মীয় বিধান পালন করতে সক্ষম। ধর্ম প্রচারেও রয়েছে অবাধ স্বাধীনতা। তাই দারুল ইসলাম এবং দারুল হরবের বিধানের মাঝামাঝি পর্যায়ের হবে দারুল আমানের বিধান।
১-   দারুল আমানে ইসলামী শরীয়তের শাস্তি-বিধান প্রয়োগ হবে না।
২-   দারুল আমানের মুসলমানদের বিষয়-আশয়ের ফায়সালা দারুল ইসলামের আদালতে হবে না।
৩-   দারুল আমানের বাসিন্দাদের উপর হিজরত করা আবশ্যক নয়।
৪-   দারুল আমান রাষ্ট্রের প্রতিরক্ষা শক্তি বৃদ্ধির ব্যাপারে মুসলমানদের প্রচেষ্টা করা জায়েজ আছে। যেমন সাহাবায়ে কেরাম আবিসিনিয়ার বাদশাকে সাহায্য করেছেন তার দুশমনদের বিরুদ্ধে। তবে শর্ত হল, রাষ্ট্রপক্ষ যেন কোন মুসলিম রাষ্ট্র ধ্বংসের কার্যকলাপে লিপ্ত না হয়।
৫-   শরয়ী বিধান সম্পর্কে অজ্ঞতা যেমন দারুল হরবের বাসিন্দাদের ক্ষেত্রে মাজুর মনে করা হয়, তেমন দারুল আমানের বাসিন্দাদের মনে করা হবে না। অর্থাৎ শরয়ী বিধান না জানা তাদের জন্য কোন উজর বলে সাব্যস্ত হবে না। সকলের জন্য শরয়ী বিধান জানা জরুরী।
৬-   স্বামী ও স্ত্রীর মাঝে একজন দারুল আমান ছেড়ে দারুল ইসলামে চলে গেলে দেশ ভিন্ন হওয়ার কারণে স্বামী ও স্ত্রীর বন্ধন নষ্ট হবে না। বরং বহাল থাকবে।
৭-   দারুল আমানে কোন মুসলিম বা অমুসলিমের সাথে গায়রে শরয়ী লেনদেন জায়েজ নয়। যেমন দারুল ইসলামে বৈধ নয়।
৮-   দারুল আমানে বসবাসকারী ব্যক্তিগণ দারুল ইসলামের আত্মীয় থেকে মিরাস পাবে, খোরপোষ সবই পাবে। তাদের পরস্পরের জন্য ওসিয়ত করা জায়েজ আছে।
{কামুসুল ফিক্বহ-৩/৩৯৫-৪০৪}
বিস্তারিত জানতে পড়–ন- ফাতাওয়া মাহমুদিয়া-২০/৩৫৪-৩৭৩।
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
        

ইসলামে রাজনীতি ও রাষ্ট্রব্যবস্থার বিধান নেই বলা কাদিয়ানী মতবাদঃ মুসলমানদের নয়!

প্রশ্ন :
জনাব, দৈনিক কালের কণ্ঠে (১৯/০২/২০১০ ঈ.) ‘ইসলাম ধর্ম রাজনীতির উর্ধ্বে’ শীর্ষক একটি প্রবন্ধ আমার দৃষ্টি আকর্ষণ করেছে। প্রবন্ধটি পড়ে খুব আশ্চর্য হয়েছি। কেননা, এতে দাবি করা হয়েছে যে, ইসলাম ও রাজনীতি সম্পূর্ণ ভিন্ন দুটি বিষয় এবং ইসলাম রাজনীতির প্রসঙ্গে অনুপ্রবেশ করে না। কুরআন, হাদীস ও ইসলামী শরীয়তে রাজনীতি সম্পর্কে কোনো বিধি-বিধান নেই। মদীনা-মুনাওয়ারা ইসলামী রাষ্ট্র ছিল না; বরং তা ছিল একটি ধর্ম-নিরপেক্ষ রাষ্ট্র! আর রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ইসলামী রাষ্ট্রের নয়, তিনি ছিলেন মদীনা-রাষ্ট্রের কর্ণধার! বস্তুত ইসলামী রাষ্ট্রের কোনো ধারণা দ্বীন ও শরীয়তে নেই!’
আমার জানা মতে উপরের কথাগুলি সম্পূর্ণ ভুল, কিন্তু প্রবন্ধকার তার আলোচনায় কিছু যুক্তি-প্রমাণও উপস্থিত করেছেন। এজন্য কারো মনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। আমার কাছেও কিছু কথা জিজ্ঞাস্য বলে মনে হয়েছে। আশা করি, এ বিষয়ে আলোকপাত করবেন।
আরেকটি বিষয় এই যে, দৈনিক নয়াদিগন্তে (০৭/০২/২০১০ ঈ.) কাদিয়ানীদের বাৎসরিক সম্মেলনের উপর একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। তাতে বক্তারা বলেছে যে, ‘কুরআন-হাদীসের কোথাও শরীয়া আইন ও ইসলামী রাজনীতির কথা নেই এবং আহমদিয়া জামাতের আকীদা হল, ইসলাম ও রাজনীতি দু’টি সম্পূর্ণ ভিন্ন বিষয়।’
আমার ধারণা ছিল যে, খতমে নবুওয়তের আকীদাকে অস্বীকার করা এবং ভণ্ড, মিথ্যাবাদী গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলে স্বীকার করার কারণে কাদিয়ানী সমপ্রদায় কাফির। এখন মনে হচ্ছে যে, তাদের আকীদায় আরো অনেক কুফরী বিষয় রয়েছে। আমার জিজ্ঞাস্য এই যে, তারা কি প্রকৃতপক্ষেই এমন আকীদা পোষণ করে, না এটি ওই সম্মেলনের বক্তাদের নিজস্ব মত, যা তারা আহমদিয়া জামাতের উপর আরোপ করেছে? আশা করি, বি্স্তারিত লিখে আশ্বস্ত করবেন।
হাবীবুর রহমান বিন আবদুল হাকীম বাগেরহাট, খুলনা
উত্তর :
بسم الله الرحمن الرحيم
প্রত্যেক মুসলমানের ‘জরুরিয়্যাতে দ্বীন’ সম্পর্কে (অর্থাৎ দ্বীনের স্বতঃসিদ্ধ ও মৌলিক বিষয় সম্পর্কে) সহীহ ইলম ও বিশুদ্ধ ধারণা থাকা অপরিহার্য। একজন পাঠককে অন্তত এই পরিমাণ জ্ঞান ও প্রজ্ঞার অধিকারী হওয়া আবশ্যক, যাতে সে গলদ আকীদাধারী বর্ণচোরা লেখক, কলামিস্টদের মিথ্যাচার বা অপব্যাখ্যায় বিভ্রান্ত না হয়। বর্তমান সময়ে চিন্তা ও কলমের অনাচার এত প্রবল যে, কে কাকে বাধা দেয়! মিথ্যাকে প্রতিহত করার যে তিনটি উপায় ছিল, অর্থাৎ ভদ্রতা ও শরাফত, আখিরাতের ভয় এবং চার আসমানী কিতাবের সঙ্গে অবতীর্ণ পঞ্চম বস্ত ‘আলহাদীদ’ (বা ডাণ্ডা), কোনোটাই তো কার্যকর নেই। প্রথম দুই বস্তুর কথা তো বলাই বাহুল্য। এসব থেকে পাকছাফ থাকাই প্রগতিশীলতা ও মুক্তবুদ্ধির প্রথম শর্ত। অতএব আমাদের বুদ্ধিজীবী সমপ্রদায়ের নিকট এসবের আশা করাও অন্যায়। আর শাসনের দণ্ড তো আজকালকার দিনে থাকে আল্লাহর দুশমন-শ্রেণীর হাতে। অতএব তাদের লেখালেখিতে যদি আপনি এ ধরনের কুফরিয়াত দেখেন, এমনকি তাতে যুক্তি-প্রমাণ এবং হাওয়ালা-উদ্ধৃতিও দৃষ্টিগোচর হয় তাতেও আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই। এই সমপ্রদায়ের লোকেরা তো খণ্ড ও পৃষ্ঠা নম্বরসহ মিথ্যাচার করে থাকে।
আপনি যে প্রবন্ধ ও প্রতিবেদনের কথা বলেছেন তা এখন আমার সামনে রয়েছে। আমি তো এখানে কোনো যুক্তি-প্রমাণ দেখতে পাচ্ছি না, শুধু কতগুলি অসার দাবির সমষ্টি। সেগুলোও স্ববিরোধিতায় পূর্ণ! আর ‘প্রমাণ’ হিসেবে কিছু থাকলে সেটিও অবাস্তব ও কল্পনাপ্রসূত। ‘যুক্তি’ বা ‘প্রমাণ’ বলা যায় এমন কিছুর অস্তিত্ব এখানে নেই।

লেখকের স্ববিরোধিতার একটি দৃষ্টান্ত লক্ষ করুন :

সে একদিকে দাবি করেছে যে, ইসলামে রাজনীতির বিষয়ে কোনো বিধান নেই, অন্যদিকে দুইবার রাজতন্ত্রকে ইসলামবিরোধী বলেছে। প্রশ্ন এই যে, ইসলামে যদি রাজনীতি সম্পর্কে কোনো কিছুই না থাকে তাহলে ইসলামে রাজতন্ত্র নিষিদ্ধ হওয়ার সিদ্ধান্ত সে কোথায় পেল?! উল্লেখিত প্রবন্ধ ও প্রতিবেদন দু’টোতেই মদীনা-সনদের উল্লেখ দেখা যাচ্ছে। তারা এই ধারণা দেওয়ার চেষ্টা করেছে যে, মদীনা-সনদের কোথাও মদীনার রাষ্ট্র-ব্যবস্থা ইসলাম হবে বা তা শরীয়া আইন অনুযায়ী পরিচালিত হবে এমন কথা বলা হয়নি। প্রশ্নোক্ত প্রবন্ধে তো নির্লজ্জভাবে এই দাবি করা হয়েছে যে, মদীনা ছিল একটি ধর্ম-নিরপেক্ষ রাষ্ট্র! দেখুন, মদীনা-সনদে পরিষ্কার বলা আছে-
وإنه لا يحل لمؤمن أقر بما في هذه الصحيفة، وآمن بالله واليوم الآخر أن ينصر محدثا أو يؤويه، وإن من نصره أو آواه، فإن عليه لعنة الله وغضبه يوم القيامة، ولا يؤخذ منه صرف ولا عدل وإنه مهما اختلفتم فيه من شيء فإن مرده إلى الله وإلى محمد
কিছুদূর যেয়ে ইহুদীদের সঙ্গে সংশ্লিষ্ট দফাগুলোতে বলা হয়েছে-
وإنه ما كان بين أهل هذه الصحيفة من حدث، أو اشتجار يخاف فساده فإن مرده إلى الله وإلى محمد رسول الله (صلى الله عليه وسلم) وإن الله على أتقى ما في هذه الصحيفة وأبره.
(মাজমূআতুল ওয়াছাইকিছ ছিয়ছিয়্যাহ লিল‘আহদিন নববী ওয়াল খিলাফাতির রাশিদাহ, ড, হামীদুল্লাহ পৃ. ৬১, ৬২; আল মুজতামাউল মাদানী ফী ‘আহদিন নুবুওয়াহ, ড. আকরাম জিয়া আল-উমারী পৃ. ১২১, ১২২) উপরোক্ত দু’টি গ্রন্থে এই ‘সনদে’র মূল সূত্রগুলো দেওয়া আছে।
গিয়োমকৃত সীরাতে ইবনে হিশামের ইংরেজি অনুবাদ যা (The life of Muhammad (a translation of Ibn-Ishaq’s Sirat Rasulallah) নামে প্রকাশিত, তার ২৩১-২৩৩ পৃষ্ঠায় এই সনদটি বিদ্যমান রয়েছে। তাতে উপরোক্ত দফাগুলির যে তরজমা করা হয়েছে তা হুবহু তুলে দিচ্ছি-
It shall not be lawful to a believer who holds by what is in this document and believes in God and the last day to help an evil-doer or to shelter him. The curse of God and His anger on the day of resurrection will be upon him if he does, and neither repentance nor ransom will be received from him. Whenever you differ about a matter it must be referred to God and to Muhammad. If any dispute or controversy likely to cause trouble should arise, it must be referred to God and to Muhammad the apostle of God. God accepts what is nearest to piety and goodness is this document.
ইসলামিক ফাউণ্ডেশন থেকে প্রকাশিত সীরাতে ইবনে হিশামের বাংলা অনুবাদ থেকে উপরোক্ত দফাগুলির তরজমা তুলে দিচ্ছি-
‘২৩. আর যে মুমিন ব্যক্তি এই লিপির বক্তব্য স্বীকার করে নিয়েছে আর সে আল্লাহ ও শেষ দিবসের প্রতি বিশ্বাস পোষণ করে, তার জন্য কোন নতুন ফিতনা সৃষ্টিকারীকে সাহায্য করা বা তাকে আশ্রয় দান বৈধ হবে না। যে ব্যক্তি তাকে সাহায্য করবে বা আশ্রয় দেবে, তার প্রতি আল্লাহর লা’নত ও গযব হবে কিয়ামতের দিনে এবং তার থেকে ফিদয়া (মুক্তিপণ) বা বদলা গ্রহণ করা হবে না।’ ২৪. আর যখন তোমাদের মধ্যে কোন বিরোধ উপস্থিত হবে, তখন আল্লাহ তাআলা ও মুহাম্মাদ (সা.)-এর নিকট তা উত্থাপন করতে হবে।’ ৪৬. ‘এই চুক্তিনামা গ্রহণকারী পক্ষসমূহের মধ্যে যদি এমন কোন নতুন সমস্যার বা বিরোধের উদ্ভব হয়-যা থেকে দাঙ্গা বেঁধে যাওয়ার আশংকা দেখা দেয় তাহলে তা আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূল মুহাম্মাদ (সা.)-এর নিকট মীমাসাংর্থে উত্থাপিত করতে হবে। … (সীরাতুন নবী (সা.) খণ্ড ২, পৃষ্ঠা ১৭৯-১৮০)
এই ‘সনদে’ কি আল্লাহ ও তাঁর রাসূলের বিধানকে সর্বোচ্চ আইন হিসেবে গ্রহণ করা হয়নি? আর এমন সুস্পষ্ট ঘোষণা কি কোনো ধর্ম-নিরপেক্ষ সমাজের সংবিধানে থাকতে পারে?
সহীহ হাদীসে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্ব্যর্থহীনভাবে বলেছেন-
لا يجتمع دينان في جزيرة العرب
অর্থ : জাযিরাতুল আরবে দুই দ্বীন একত্র হবে না।-মুয়াত্তা ইমাম মালিক পৃষ্ঠা ৩৬০
এগুলো কি প্রমাণ করে যে, মদীনা ধর্ম-নিরপেক্ষ রাষ্ট্র ছিল?
গোড়ার কথা হচ্ছে, সর্বযুগের বাতিলপন্থী লোকেরা হীনম্মন্যতার শিকার হয়ে থাকে। আমার ধারণা, বর্তমান যুগের বাতিলপন্থীদের মাঝে এই ব্যাধি আরো প্রকট। এজন্য তারা তাদের লালিত কুফরী চিন্তাগুলোকে নিজেদের পক্ষ থেকে বলার মতো সাহস সঞ্চয় করে উঠতে পারে না। ফলে কুরআন-হাদীস, সীরাত-তারীখ, ফিকহ-তাফসীর এবং ইসলামী আকাইদের মধ্যে বিকৃতি ও অপব্যাখ্যার মাধ্যমে কিংবা মনগড়া কথাবার্তা তৈরি করে তা দ্বীনের নামে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। তারা এটুকুও উপলব্ধি করে না যে, এতে তাদের প্রতারণা ও মিথ্যাচার দ্রুত প্রকাশিত হয়ে পড়বে। এটা ছিল এক প্রসঙ্গ।
দ্বিতীয় প্রসঙ্গ, অর্থাৎ কাদিয়ানী সম্পর্কে আপনার প্রশ্ন থেকে অনুমিত হচ্ছে যে, এ বিষয়ে আপনার অধ্যয়ন বেশ সীমিত। কারণ মির্জা কাদিয়ানী ও তার অনুসারীদের কুফরী শুধু এক বিষয়ে নয়, তাদের কুফরিয়াতের তালিকা অনেক দীর্ঘ। এখন যেহেতু সিয়াসত সম্পর্কে কথা হচ্ছে তাই এ বিষয়ে শুধু একটি উদ্ধৃতি আপনাকে শোনাচ্ছি।
মির্জা গোলাম আহমদ কাদিয়ানী লিখেছে যে,
‘আমি সত্য সত্য বলছি, অনুগ্রহদাতার অকল্যাণ কামনা হচ্ছে হারামযাদা ও চরিত্রহীন লোকের কাজ। তাই আমার ধর্ম, যা আমি বারবার প্রকাশ করেছি, তা এই যে, ইসলামের দু’টি অংশ : এক. খোদা তাআলার আনুগত্য। ২. ওই সরকারের আনুগত্য, যে সমাজে নিরাপত্তা প্রতিষ্ঠা করেছে এবং জালিমদের হাত থেকে আমাদেরকে তার ছায়াতলে আশ্রয় দান করেছে। সেই সরকার হচ্ছে ব্রিটিশ সরকার। … অতএব আমরা যদি বৃটিশ সরকারের অবাধ্যতা করি তাহলে প্রকারান্তরে ইসলাম এবং খোদা ও রাসূলের অবাধ্যতা করা হয়।
(‘‘গওরমেন্ট কী তাওয়াজজুহ কে লায়েক’’ মুলহাকা ‘‘শাহাদাতুল কুরআন’’ রচনা : মির্জা গোলাম আহমদ কাদিয়ানী পৃ. জিম-দাল রূহানী খাযাইন খণ্ড ৬, পৃ. ৩৮০-৩৮১)
উপরোক্ত উদ্ধৃতিতে দেখতে পাচ্ছেন যে, গোলাম আহমদ কাদিয়ানীর মতে সরকারের আনুগত্য ইসলামের অংশ। যদি তা হয় সাম্রাজ্যবাদী ইংরেজ সরকার।
বর্তমান আহমদিয়া সমপ্রদায় যদি সিয়াসতকে ইসলামের সঙ্গে সম্পর্কহীন বলতে চায় তো বলতে পারে, কিন্তু অন্তত তাদের নেতার খাতিরে পশ্চিমা পিতৃকুলের আনুগত্য ও তল্পিবহনকে ‘ইসলামের অংশ’ বলা উচিত!!! (নাউযুবিল্লাহ)
ইহুদী ও সাম্রাজ্যবাদী শক্তির সঙ্গে কাদিয়ানী সমপ্রদায়ের গাঁটছড়া বাঁধার কাহিনী যদি জানতে হয় তাহলে জনাব বশীর আহমদ ছাহেবের রচিত Ahmadiya Movement: British jewish connections বা তার উর্দূ অনুবাদ ‘তাহরীকে আহমদিয়্যত ইহুদী ও সামরাজী গঠ্জোড়’’ পড়ে দেখতে পারেন। অনুবাদ-গ্রন’টির পৃষ্ঠাসংখ্যা ৯৪৮।
আপনার প্রশ্নের উত্তরে আপাতত এই কয়েকটি কথাই নিবেদন করলাম।
والله اعلم بالصواب
উত্তর লিখনে
মাওলানা আব্দুল মালেক দা.বা.
প্রধান উপদেষ্টা-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
আমীনুত তালীম– মারকাযুদ দাওয়া আলইসলামিয়া ঢাকা।