সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৬

সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধে মুসলিম দেশগুলোকে প্রধান ভূমিকা পালন করতে হবে : সৌদি প্রিন্স


সৌদি আরবের প্রভাবশালী প্রিন্স তুর্কি আল-ফয়সাল বলেছেন, ‘এটি কোনো গোপন বিষয় নয় যে, বর্তমান বিশ্বের সন্ত্রাসবাদসংক্রান্ত কর্মকাণ্ড ও এর শিকার ব্যক্তিদের বেশির ভাগ মুসলমান। এ কারণে মুসলিম দেশগুলোর দায়িত্ব হচ্ছে সন্ত্রাসবাদ মোকাবেলায় প্রাথমিক ভূমিকা পালন করা।’  সৌদি আরবের নেতৃত্বে ২০টি দেশ নিয়ে গঠিত সামরিক জোটের ১৮ দিনব্যাপী সামরিক মহড়া চালানোর পর সৌদি রাজ পরিবারের স্পষ্টভাষী ও প্রভাবশালী সদস্য প্রিন্স তুর্কি এ মন্তব্য করেন। সন্ত্রাসবাদ দমনে দেশটির নেতৃত্বে এ জোট গঠিত হয়েছে। আবুধাবিতে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রিন্স তুর্কি বলেন, ‘এ নেতৃত্বপূর্ণ ও প্রশংসনীয় পদক্ষেপ দ্রুত গ্রহণ করা হচ্ছে। আর এ জন্য আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি। প্রিন্স তুর্কি সৌদি আরবের গোয়েন্দা অধিদফতরের প্রধান ছিলেন ২০০১ সালে সেপ্টেম্বর পর্যন্ত ২০ বছর ধরে। তবে তিনি সিরিয়ায় সৌদি সেনা মোতায়েন করার কোনো আভাস দেননি। তিনি বলেন, সিরিয়ায় হত্যাকাণ্ড বন্ধে সুস্পষ্ট পদক্ষেপ নেয়ার সময় এসেছে।  ইরানের সাথে সৌদি আরবের উত্তেজনাপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। এ প্রসঙ্গে তিনি বলেন, আরব দেশগুলোতে ইরানের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন